ম্যানহোলে পড়ে যাওয়া নারী তিনদিন পর উদ্ধার

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

ময়মনসিংহ সিটি করপোরেশনের ম্যানহোলে পড়ে যাওয়া এক নারীকে তিনদিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে নগরীর জেলাখানা রোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারী (৩৮) মানসিক ভারসাম্যহীন। তিনি ময়মনসিংহ নগরের গল্ডা এলাকার বাসিন্দা।

এর আগে গত বুধবার সকাল তিনি বাড়ি থেকে বের হন। পরে রাতে আর ফিরেননি। তাতে নারীর বাবা বিভিন্ন এলাকায় ও আত্মীয়দের কাছে খোঁজ নেন। কোথায় খোঁজ না পেয়ে বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দুইজন রিকশা চালকের একজন মো. রোমান মিয়া জানান, ঢাকনা দেওয়া যে ম্যানহোলের নিচ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে তা থেকে আনুমাকি ৫০ ফুট দূরের অপর একটি ম্যানহোলের ঢাকনা ছিল না অনেক দিন ধরেই। ধারণা করা হচ্ছে ওই নারী ঢাকনা না থাকা ম্যানহোলে পরে যান দুই দিন কি তিন আগে। পরে ড্রেনের নিচ দিয়ে কোন ভাবে ঢাকনা দেওয়া ম্যানহোলের নিচে চলে যান। উদ্ধার হওয়া নারী হয়তো পড়ে যাওয়ার পর থেকেই বাঁচার জন্য আকুতি জানাতে থাকেন। কিন্তু এলাকাটি ময়মনসিংহ-টঙ্গাইল মহাসড়কের খুব কাছে হওয়ায় সারাক্ষণই গাড়ির শব্দ থাকে। এছাড়া ম্যানহোলের কাছে দোকান-পাট ও একটি ওয়ার্কশপ থাকায় শব্দের কারনে নারীর বাঁচার আকুতি শোনা যায়নি। রাত পৌনে বারোটার সময় এলাকা নীবর হওয়ায় তখন তার বাঁচার জন্য আকুতি কানে আসে। পরে উদ্ধার করি।

তিনি আরও জানান, রাতে ওই নারীকে উদ্ধারের পর প্রথমে পরিচয় জানা যায়নি। তিনি কোন কথা বলতে পারেননি। তার সারা শরীর ফ্যাকাশে ছিল। পরে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদ ও তার স্ত্রী নারীকে তাদের বাসায় নিয়ে যায়।

মোহাম্মদ মাসুদ জানান, বাসায় নেওয়ার পর আমার স্ত্রী তাকে প্রথমে গরম পানি দিয়ে গোসল করিয়ে গরম পোশাক পরান। তারপর তাকে কিছু খেতে বলা হলেও তিনি খাননি। তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন হওয়ায় নিজের পরিচয়ও বলতে পারেননি। কিছুক্ষণ পর অপর একজন তাকে চিনতে পারেন। এরপর ওই নারীকে ময়মনসিংহ নগরীর জেলখানা রোডে তার বাবার কাছে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারীর বাবা জানান, তার মেয়ে উচ্চশিক্ষিত। তবে ২০১৩ সালে একটা দুর্ঘটনার পর থেকে মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে প্রায় সারা দিনের জন্য বাইরে চলে যান। তবে রাতে ঠিকই বাড়িতে ফিরে যান। গত বুধবার রাতে না ফেরায় বৃহস্পতিবার থানায় জিডি করেন।

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব এবং প্রকৌশলীকে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ফেইসবুকে দেখেছি ম্যানহোলে পড়ে যাওয়া এক নারীকে তিনদিন পর উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, ম্যানহোলের ঢাকনা চুরি হয়, সে ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়। তবে সিটি করপোরেশন এ ক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল হলে ভালো হয়।

সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, সিটি করপোরেশনের প্রায় রাস্তায় ম্যানহোলের ঢাকনা নেই। এনিয়ে বারবার কথা বলছি, কর্তৃপক্ষের টনক না নাড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এর দায়ভার সিটি করপোরেশনকেই নিতে হবে। তাদের জন্য মানুষের চলাচলও অনিরাপদ হয়ে পড়েছে।