বিএনপির পক্ষে জন-জোয়ার দেখে কিছু দল হাংকি-পাংকি শুরু করেছে, প্রিন্স

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

গণ অভ্যুত্থানের আকাঙক্ষা ব্যার্থ করতে কয়েকটি দল নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপির মনোনয়ন তালিকা, নির্বাচনী প্রস্তুতি ও বিএনপির পক্ষে জন-জোয়ার দেখে কিছু দল হাংকি-পাংকি শুরু করেছে নির্বাচনের জন্য মুখিয়ে থাকা জনগণের জোয়ারে সব হাংকি-পাংকি ভেসে যাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারা পাড়ায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, যারা জনগণের রায় ছাড়াই ঘি খেতে চান, তাদের ওপর আওয়ামী প্রেতাত্মা ভর করেছে। আওয়ামী নেত্রী যেমন ৯০ পরর্বতীতে জামায়াতকে সাথে নিয়ে ধাক্কা-ঝাঁকি দিয়ে গণতন্ত্র শেখানোর নামে গণতন্ত্রের বিনাশ করতে চেয়েছিলেন,জামায়তের নেতারা তেমনি তাদের এককালের নেত্রীর দেখানো পথে আঙ্গুল বাঁকা করে ঘি তোলার নামে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নস্যাৎ করতে চাচ্ছেন।

তিনি বলেন, গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ৯০ পরবর্তী পুরাতন ঐক্য নতুন করে হয়েছে কী না, জনগণ তা জানতে চায়। ফ্যসিবাদের হুঙ্করের পর তাদের এককালের দোসরদের হুঙ্কার শুনে জনগণের মনে সেই প্রশ্ন দেখা দিয়েছে। জনগণ এসব হুঙ্কার বরদাশত করবে না। জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন যেকোনো মূল্যে ফেরুয়ারিতেই নির্বাচন হতে হবে। নচেৎ দেশ মহা বিপর্যয়ের মধ্যে পড়বে।

তিনি নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহবান জানিয়ে বলেন, শুধু ভোট চাইলেই হবে না, ভোটের পর ধানের শীষের সরকার জনগণকে কী উপহার দেবে, তাও বলতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে, প্রান্তিক কৃষককে একটি ফসলের উৎপাদন খরচ, প্রতি পরিবারকে খাদ্য পণ্যের একটি অংশ বিনামূল্যে প্রদান, এক কোটি নতুন কর্ম সংস্থান, বেকার ভাতা, বিনামূল্যে চিকিৎসা, প্রতি ইউনিয়নে ধান ক্রয় ও ন্যায্য মূল্যের দোকান, শিক্ষা, ধর্ম বিষয়ে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে।

মুন্সিরহাট দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাওলানা সাহাবউদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, সাইদুর রহমান, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন মাষ্টার, প্রভাষক আমিনুল ইসলাম, হাফেজ ক্বারী রুহুল আমিন, হযরত আলী, হাফেজ আল আমিন, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল, ওয়াজেদ আলী মাষ্টার, সিরাজুল ইসলামসহ প্রমুখ।