নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আগে আটককৃত অপরাধীরা জামিনে মুক্ত আছে, এতে অপরাধ বাড়ছে। চোরাগুপ্ত হামলার শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।’

তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলি করার মতো চোরাগুপ্তা হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।’

রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

ইসির এই কর্মকর্তা বলেন, ‘দুই জায়গায় নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। ডেভিল হান্টে যারা বিভিন্ন সময় আটক হয়েছে, তারাই আবার জামিন পাচ্ছে।

তিনি বলেন, ‘চোরাগুপ্তা হামলা হয়েছে সেটা কোনো বড় পরিকল্পনার অংশ কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলা হয়েছে।’