শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার, প্রিন্স

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ফ্যাসিস্ট ও গণ হত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঐতিহাসিক এবং ফ্যসিবাদের বিরুদ্ধে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফ্যসিবাদী শাসক গোষ্ঠীর জন্য এই রায় উচিত শিক্ষা। শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার।

সোমবার (১৭ অক্টোবর) বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পথ সভায় তিনি বলেন, গণতন্ত্র হত্যা করে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে, জীবন-জীবিকা বিপন্ন ও নির্মম নিষ্ঠুর দমন নীপিড়ন, গুম, হত্যা চালিয়ে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ গণ শত্রুতে পরিনত হয়েছিল। গণ হত্যাকারী গণ শত্রুদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তাদের কোনো ক্ষমা নাই। হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল। গণ অভ্যুত্থানে তার পতনের পর সেই বন্ধ পথ খুলে গেছে।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করুন। গণ-অভ্যুত্থানের আকাঙ্খা ধারণ করে ইতিবাচক রাজনীতির লক্ষ্যে নিজেদের মন মানসিকতার পরিবর্তনে প্রস্তুত হতে হবে। নির্বাচনে বিজয়ী হলেই হবে না, বিজয়ের পর রাষ্ট্রের ও জনগণের ভাগ্য পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা নিজেদেরকে প্রস্তুত হতে হবে। আওয়ামী লীগের মতো লোভ লালসা নয়, ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষে ভোট দিন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রয় করতে পারবে। এ জন্য প্রতি ইউনিয়নে একটি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, খাল খনন করে সেচের ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ইউপি চেয়ারম্যান জাকিরুল ইডলাম টোটন, সদস্য সচিব আনসার আলী তুলা উপস্থিত ছিলেন।