ইসলামী সভায় একদিনে দান-মান্নতে কোটি টাকা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার ৭৫তম ইসলামি মহাসম্মেলনে দান-মান্নতে একদিনেই উঠেছে এক কোটিরও বেশি টাকা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গরু-ছাগল, হাঁস-মুরগি, কৃষিপণ্য, স্বর্ণালংকারসহ বিভিন্ন দান ও মান্নত গণনা শেষে এই অঙ্ক ঘোষণা করা হয়। এখনো কিছু মালামাল নিলামে বিক্রি না হওয়ায় মোট পরিমাণ আরও বাড়তে পার বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

এর আগে বুধবার বাদ আসর হতে উলামায়ে কেরামগণের বয়ান শুরু হয়। পরে বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দুই থেকে তিন লাখ মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামপুর প্রাঙ্গণে মহাসম্মেলন রূপ নেয় যেন ঈদের আমেজে। নিরাপত্তায় ছিল পুলিশ, আনসার, সেনাবাহিনী এবং মাদরাসার প্রায় পাঁচশ স্বেচ্ছাসেবক।

শুধু মুসলিম নয়-মান্নত ও দান নিয়ে এসেছেন বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীরাও। ভোলার চরফ্যাশন থেকে আসা মাহমুদ কলি বলেন, বহুদিন শুনেছি ইসলামপুরের মাহফিল দেশের বড় সম্মেলনগুলোর একটি। এবার এসে সত্যিই বুঝলাম-স্বপ্ন পূরণ হলো। সনাতন ধর্মাবলম্বী কাজলসহ কয়েকজন বলেন, ইসলামপুরে মান্নত করলে পূর্ণ হয়—এমন বিশ্বাসে আমরা প্রতিবছরই দান করি।

রাজিবপুরের এহছানুল হক রানা ও সোহাগি ইউনিয়নের বাবুল মিয়া বলেন, শৈশব থেকেই ইসলামপুরের সভায় আসছি। এখানে মান্নত করলে আল্লাহ কবুল করেন-বিয়ে, রোগমুক্তি, চুরি যাওয়া জিনিস ফিরে পাওয়া-অগণিত উদাহরণ আছে। স্থানীয়দের ভাষায়, বছরে তিন দিন ঈদ আনন্দের একটি দিন হলো ইসলামপুর মাহফিল।

মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী বলেন, আল্লাহর রহমতে এবারও দান-মান্নতে কোটি টাকা উঠেছে। এসব টাকা এতিম ও গরিব ছাত্রদের খাবার ও শিক্ষায় ব্যয় হয়। এছাড়া মাদরাসার উন্নয়নেও ব্যবহার করা হয়।

মাদরাসা সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ইসলামপুর মাদরাসা মূলত দানের ওপরই চলে। আমরা চাই, আরও বেশি মানুষ অংশ নিক। সবার সহযোগিতায় ইসলামিক স্কলারদের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে চাই।