বৃদ্ধের চুল-দাঁড়ি কাটার ঘটনায় দুই আসামীর রিমান্ড আবেদন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় হেনস্থা করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরের চুল ও দাড়ি কাটার ঘটনায় মো. সুজন মিয়া (৩০) নামে আরও এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুইদিনে ২ আসামী গ্রেপ্তার হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৩ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বিকালে আসামীদের রিমান্ড আবেদন করে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হলে বিচারক তানজিনা ইসলাম রিমান্ড শুনানীর ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, তারাকান্দা থানার পুলিশ দুই আসামিকে তিন দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। পরে বিচারক আগামী রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত (৩০ সেপ্টেম্বর) বিকালে ও রাতে ময়মনসিংহ নগরীর থেকে প্রথমে আসামি মজনু মিয়া (৪৭) এবং পরে মো. সুজন মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। তারা দু’জনেই উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, এ ঘটনায় শনিবার তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করেন, ওইদিন (ঘটনার দিন) আমি বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দিয়েছে। বাজারে তখন লোক কম ছিলো। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনও আল্লাহার কাছে বিচার চাই। তবে পরিবারের কথায় এখন আমি থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে। তিনি আরও বলেন, আমার চুল দাড়ি কাটার সময় বাইরের ২ জন লোকসহ প্রায় ৮ থেকে ৯ জন লোক ছিলো। তাদের মধ্যে এলাকার নয়ন এবং মজনুও ছিলো। তারা এখনো এলাকায় আছে। তারা আমাকে ভয় দেখাচ্ছে। তারা আমার মান ইজ্জত মারছে, আমি বিচার চাই।