নিজেদের ভরাডুবির ভয়ে বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে, ওয়াহাব

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি চক্র। তারা ভোটের মাঠে নিজেদের ভরাডুবির ভয়ে বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে। এসব বিষয়ে দেশের কৃষক সমাজকে জাগ্রত করে ভোটারদেরকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মহানগর কৃষকদল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ওয়াহাব আকন্দ আরও বলেন, বিএনপি জনগনের দল, আগামী নির্বাচনে জনগনের রায়ে বিএনপি সরকার গঠন করলে দেশের কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করা হবে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় দেশের কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। তাই ৩১ দফার বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

মহানগর কৃষকদলের আহবায়ক কৃষিবিদ আবুল খায়ের দীপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান আহমেদের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।