ময়মনসিংহ-১০ আসনে খেজুর গাছ প্রতিকে লড়তে চান জমিয়তের আব্দুল্লাহ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতিক নিয়ে ভোটের মাঠে লড়তে চান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল্লাহ আল বাকী। এলক্ষ্যে পৌরসভা এলাকাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ করছেন এই প্রার্থী।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেছেন মাওলানা মো. আব্দুল্লাহ আল বাকী।

তিনি জানান, গফরগাঁও আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম মৌলভীর নাতি হিসেবে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। অবহেলিত এই জনপদের মাটি ও মানুষের পক্ষে কথা বলার জন্য সংসদে যেতে চাই। ইতিমধ্যে দলীয়ভাবে আমাকে এ আসনে প্রার্থী ঘোষনা করা হয়েছে। এ কারণে আমি নিয়মিত নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করে যাচ্ছি। এতে পরিবর্তনের আশায় সাঁড়া মিলছে সাধারন ভোটারদের।

বিএনপি এ আসনটিতে প্রার্থী ঘোষনা স্থগিত রেখেছে জানিয়ে মাওলানা আব্দুল্লাহ আল বাকী বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বিগত ২০১৮ সালের নিবার্চনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ছিল। তবে আসন্ন নির্বাচনে জমিয়ত বিএনপির জোটে নাকি অন্য কোন জোটে যাবে, তা নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে দল থেকে যে সিদ্ধান্ত আসবে আমি তা পালন করবো। তবে আমার দল যে জোটেই আসুক, আমি মনে করি এ আসনে আমাকেই সমর্থন দেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম, ইত্তেফাকুল উলামা এবং জমিয়ত সমর্থকদের একটি একটি শক্তিশালী বলয় রয়েছে। কারণ কওমি ঘরনার আলেম উলামারা রয়েছে জমিয়তের নেতৃত্বে। ফলে জোটগতভাবে জমিয়ত নির্বাচনে অংশ নিলে গফরগাঁওসহ ময়মনসিংহ অঞ্চলে ২টি আসন পাবে বলে আশাবাদি সংশ্লিষ্টরা।

কারণ হিসাবে জমিয়ত নেতারা দাবি করেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কওমি ঘরনার আলেম উলামাদের নিয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জমিয়ত। এ কারণে জামায়াত ও চরমোনাইকে বাইরে রেখে বিএনপিও চাচ্ছে জমিয়তকে টানতে। এ সমীকরণে জমিয়তের প্রার্থীতায় পাল্টে যেতে পারে গফরগাঁও আসনে ভোটের হিসাব-নিকেশ।

প্রসঙ্গত, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৪৪৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭৮২টি এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৬৯১টি।