পুজা দেখতে গিয়ে গারো কিশোরী ধর্ষণের শিকার, সহযোগীসহু মুল আসামী গ্রেপ্তার নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ ময়মনসিংহের হালুয়াঘাটে পুজা দেখতে গিয়ে গারো কিশোরী (১৬) ধর্ষণের মামলায় মুল আসামী অটোচালকসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জুবলী গ্রামের আজহারুল ইসলামের ছেলে অটোরিকশা চালক বাশার ও নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে মো. মিলন (২১)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুবলী এলাকা থেকে মো. মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার দুপুর ২ টার দিকে একই এলাকা থেকে অটোরিকশা চালক বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা লিখা চাম্বু গং বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে। গত সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে পূজা দেখতে বের হয়ে ধর্ষণের শিকার হন ওই গারো কিশোরী। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই দিন সকালে পূজা দেখার জন্য ভুক্তভোগী কিশোরীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন নামের এক যুবক। কিন্তু পূজা দেখানোর কথা বলে মিলন ওই মেয়েকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি শেষে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যায়। মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সহযোগীসহ মুল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। SHARES সারা বাংলা বিষয়: