আমি অহন কই থাকবাম আর কিবায় চলবাম নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫ ময়মনসিংহের নান্দাইলে এক প্রতিবন্ধীর বসতবাড়ি ও দোকান ঘর ভেঙ্গে লুটপাট করে জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ আজ মঙ্গলবার ঘটনাস্থলে যায়। স্থানীয় সুত্র জানায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৪০) পৈতৃক সুত্রে পাওয়া প্রায় ৪ শতক জমিতে বসত ঘর তৈরি করে বসবাস ও সামনে দোকান ঘর তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছিল। এর মধ্যে বেশ কয়েক বছর ধরে ওই জায়গা নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিবেশী আদম আলীর ছেলে মাসুদ ও সোহরাব মিয়া এবং তাাঁদের দলবল। এ নিয়ে গ্রামে অনেকবার সালিশ বৈঠক হলেও কোনো সিদ্ধান্তই মানতে চায়নি দখলবাজরা। এ অবস্থায় গতকাল সোমবার সকাল থেকে ওই জায়গা দখলে নিয়ে বেপরোয়া হয়ে উঠে সোহরাব ও মাসুদরা। তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিবন্ধী আনোয়ার হোসেনের বসত ঘর ও দোকান ভেঙ্গে চুরমার করে দেয়। পরে ওই জায়গায় প্লাস্টিকের জাল দিয়ে বেড়া দেয়। খোঁজ নিয়ে জানা যায়, বসত ঘরের টিন ও বেড়া খুলে অন্যত্র ফেলে দিয়েছে দখলবাজরা। আর ওই খালি ভিটেতে বসে আহাজারি করছেন প্রতিবন্ধী আনোয়ার হোসেনের মা নুরজাহান বেগম ও ভাই নুরুল হক। অপর দিকে বাড়ির সামনে একটি চায়ের দোকান ঘর করে দিয়েছিল পাড়ার একটি মানবিক সংগঠন। ওই দোকানও ভেঙ্গে দেওয়া হয়। প্রতিবন্ধী আনোয়ারা হোসেনের মা নুরজাহান বেগম বলেন, আমি অহন কই থাকবাম আর কিবায় চলবাম। আমার এই জমির সকল কাগজপত্র থাকতেও তারা বসত ঘর ও দোকান ভাইঙ্গা মাডিতে মিশাইয়া দিছে। এর বিচার কেলা করবো? প্রতিবেশিরা জানান, প্রতিবন্ধী আনোয়ার হোসেন অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। তাঁকে এলাকার লোকজন সব সময় দেকবাল করে থাকে। বিধবা মা ও স্ত্রী সন্তানদের নিয়ে কোনোভাবে চলে আসছে। এর মধ্যে তাঁর বসত ঘর ও আয়ের এক মাত্র সম্বল ধুলিসাৎ করে দেওয়া ন্যাক্কার জনক। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহরাব বলেন, এই জায়গা আমার ক্রয়কৃত। দীর্ঘ দিন ধরে আনোয়ার দখল করে রেখেছিল। বারবার বলার পরেও বসতঘর তৈরি করে বসবাস করে আসছিল। এখন আমি আমার জায়গা দখলে নিয়েছি। লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই্) মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে জায়গা দখলের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: