পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার শিং মাছ নিধন নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫ ময়মনসিংহের নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার শিং মাছ নিধনের অভিযোগ উঠেছে। মাছের পরিমান হবে প্রায় ৩শ মন। শুক্রবার(২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গাঙাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি আবুল কালাম (৪৫)। খোঁজ নিয়ে জানা যায়, পুকুরটিতে থাকা প্রায় সব শিং মাছ মরে ভেসে আছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার লোকজন জানায়, এ এক ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। এক সাথে এতো মাছ নিধন এর আগে কখনো ঘটেনি। এতে মাছ চাষি কালামের মারাত্বক ক্ষতি হয়েছে। পুকুরের পাশে বসে আহাজারি করছিলেন কালাম। তিনি বুক থাপ্পরে বলেন, আমার তো সব শেষ হইয়া গেছে। এর চেয়ে আমারে মাইরাললে ভালা অইতো। অহন আমি কিবায় ১৮ লাখ টেহা ঋন পরিশোধ করবাম। কিবায় চলবাম। ক্ষতিগ্রস্থ মাছ চাষি আরও জানান, গত মে মাসের শেষে দিকে তার বাড়ির পাশে থাকা ২২ শতাংশের একটি পুকুরে ৩ লাখ শিং মাছের রেনু অবমুক্ত করে তা চাষ করে আসছিলেন। পুকুর পাহারা নিজেই দিতেন। আর মাত্র সপ্তাহ খানেক পরেই বাজারজাত করার পরিকল্পনা নিচ্ছিলেন। যার বাজার মূল্য হতো প্রায় ৩০ লাখ টাকা। এমনাবস্থায় শুক্রবার রাত নয়টার দিকে তিনি পুকুর পাড়ে গিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন বেশ কিছু মাছ কিনারায় এসে ভেসে পড়ছে। পরে ঘটনাটি ভালো ভাবে দেখতে তিনি বিদ্যুতের বাল্প জ্বালিয়ে দেখতে পান পুরো পুকুরেই মাছ ভাসছে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষনের মধ্যে সকল মাছ মরে যায়। সেই সাথে চারপাশে একধরনের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ছে। তার অভিযোগ পাশের বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে সেলন মিয়া কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় তাকে প্রকাশ্যে মারধর করে। পরে দেখে নেওয়ার হুমকী দিয়ে আসে। এর মধ্যে বলেছিল তাঁর বড় সর্বনাশ করবে। এতে ধারনা হয় সেলন ও তার দলবল পুকুরে বিষ প্রয়োগ করে এ ধরনের সর্বনাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সেলন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি এলাকা ছেড়ে থানায় একটি সালিশে ছিলেন। তিনি এ ধরনের ন্যাক্কারজনক কাজে জড়িত নন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। নান্দাইল থানার (ওসি) খন্দকার জালার উদ্দিন মাহমুদ জানান অভিযোগ পেয়েই একজ পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: