ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আনোয়ারুল হক (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মৃত আনোয়ারুল হক নগরীর নতুন বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গত ১৫ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকার বুধবার বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত জানান, ওই বৃদ্ধ রোগী এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেঙ্গুর পাশাপাশি বৃদ্ধের হার্টে সমস্যা ধরা পড়ে এবং হার্টেও জটিলতা ছিল।

হাসপাতাল সুত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭৯ রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত হাসপাতালটিতে রোগী ভর্তি হয় এক হাজার ২১০ জন। এসব রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। চলতি বছরের জানুয়ারিতে একজনের মৃত্যুর পর সেপ্টেম্বরে ৫ জন এবং চলতি মাসে ৪ জন রোগীর মৃত্যু হয়। এই বছরের মধ্যে চলতি মাসেই সর্বোচ্চ ৫১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।