জুলাই যোদ্ধাকে লাঞ্চিত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানের গায়ে হাত, কটুক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও বাস শ্রমিকরা। আন্দোলনের মুখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ফেডারেশন কর্তৃপক্ষ।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু হয়। এর আগে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামিমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত এবং লাঞ্ছনাকারী শ্রমিকদের বিচারের আশ্বাসে অবস্থান ধর্মঘট তুলে নেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। তবে হঠাৎ করে পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সংকট নিরসনে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯টা থেকে এনসিপির নেতা-কর্মী ও জুলাইযোদ্ধারা জেলার ইউনাইটেড গাড়ির কাউন্টারে তালা দিয়ে অবস্থান শুরু করেন। জেলা প্রশাসক ও পুলিশ গিয়ে আলোচনা করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। ওই সময় জুলাইযোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করা এক শ্রমিককে পুলিশ আটক করে। এরপরও চার দফা দাবিতে অবস্থান অব্যাহত রাখেন এনসিপি নেতা-কর্মী ও জুলাইযোদ্ধারা।

শনিবার বেলা ১২টার দিকে মাসকান্দা বাস টার্মিনালের ঢাকাগামী ইউনাইটেড বাস কাউন্টারের সামনে চাদর পেতে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের পেছনে ব্যানারে ছিল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহীদ রিদোয়ান হোসেন সাগরের ছবি।

ব্যানারে লেখা ছিল, শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক (শামীম)-এর মালিকানাধীন সব পরিবহন বন্ধসহ অনতিবিলম্বে গ্রেপ্তার দাবিতে অবস্থান ধর্মঘট।

ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনার বিচার, আমিনুল হক নিয়ন্ত্রিত ১৬ বাস চলাচল বন্ধ, ম্যানেজারকে প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের দোসরকে চাকরিচ্যুত করার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি আমরা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ রুটে ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তে বৈষম্যবিরোধী এবং শ্রমিকদের চলা পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এর মধ্য দিয়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সড়ক পরিবহন ফেডারেশন কর্তৃপক্ষ সিদ্ধান্তে আপাতত ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার পর আরও বিস্তারিত বলা যাবে।