মোটরসাইকেলে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাজী ওয়াজেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ডিএমপিতে টিএসআই পদে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, মোটর সাইকেলযোগে ঢাকা থেকে ঘাটাইল যাওয়ার পথে বিক্রমহাটি এলাকায় পৌঁছলে এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তার পরিবারকে অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।