মুরগি বাড়ির সিমানায় যাওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, দুই ছেলেসহ বাবা আটক

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সিমানায় মুরগি চলে যাওয়ায় রৌশনারা বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছেলেসহ পিতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রৌশনারা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। আটককৃতরা হলেন, একই গ্রামের সাখাওয়াত (২১), তার বড় ভাই সাজ্জাদ হোসেন (২৪) ও তাদের পিতা মোস্তুফাকে (৪৮) আটক করেছে পুলিশ। ঘাতক সাখাওয়াত সম্পর্কে ওই নারীর প্রতিবেশি নাতি হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত রৌশনারার পরিবারের সাথে পূর্ব বিরোধ ছিল মোস্তুফার পরিবারের। এমতাবস্থায় শুক্রবার সন্ধ্যায় রৌশনারা বেগমের একটি মুরগী মোস্তুফার বাড়ির সিমানায় চলে যায়। এরপর রৌশনারা মুরগী আনতে গেলে মোস্তুফা ও তার মা সালেমা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা অকথ্য ভাষায় গালিগালি শুরু করেন। একপর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত দা হাতে দৌঁড়ে এসে রৌশনারা বেগমের ঘাড়ে কুপ দেয়। এসময় রৌশনারা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রৌশনারাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত রৌশনারা বেগমের পুত্রবধূ হাফসা আক্তার বলেন, সন্ধ্যা হয়ে গেলেও আমাদের একটি মুরগি ঘরে উঠেনি। পরে আমার শাশুড়ি এদিক সেদিক খোঁজতে থাকলে প্রতিবেশী এক চাচি এসে জানায়, মোস্তুফাদের ঘরের পেছনে কলাগাছের পাশে মুরগী বসে আছে। এরপর আমার শাশুড়ি  মুরগী আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার শাশুড়ি মারা যায়। এই হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ মর্গে আছে। এঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও লাঠি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।