বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

বকেয়া বেতন দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্টাইল ক্রাফট লিমিটেড-এর শ্রমিকরা এ বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘন্টা অবরোধের পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শ্রমিকরা জানান, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাক কারখানার দুই মাসের বেতন বকেয়া ছিল। ওই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে শিববাড়ী-চৌরাস্তা সড়ক অবরোধ করে। সে সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।