চাল চুরির অভিযোগে নারী চেয়ারম্যান আটক

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

ময়মনসিংহের ভালুকায় চাউল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে, পুলিশ বলছে জেসমিন নাহার রাণীকে পুলিশের কাছে হস্তান্তর করা হলেও তার বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ পাইনি। আটক জেসমিন নাহার রাণী উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বুধবার (২২ জুলাই) বিকালে মেদুয়ারী ইউনিয়নে চাউল বিতরণে অনিয়মের অভিযোগে জেসমিন নাহার রাণীকে আটক করে থানায় হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল

বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ৩ ধাপে প্রতি ১০ কেজি করে ৪ হাজার ৮৩ জনকে ১০ কেজি করে চাউল বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপ চাউল বিতরণে কোন অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ৩শ জনের চাউল কম পড়ে। চাউল না পেয়ে ভোক্তভুগীরা চাউল না পেয়ে চুরির অভিযোগ তুলেন চেয়ারম্যান জেসমিন নাহার রাণীর বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আসেন।

পরে ভোক্তভুগীরা মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। অভিযোগের ভিত্তিতে জেসমিন নাহার রাণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভালুকা থানায় হস্তান্তর করেন।

মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা অভিযোগ করে বলেন, জেসমিন নাহার রাণী আমাদের না জানিয়ে নিজেই চাউল উত্তোলন করে একাই বিতরণ করেন। এতে করে অনেকেই চাল না পেয়ে আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছে।

ট্যাক অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, ৪ হাজার ৮৩ জনের নামে বরাদ্ধ চাউল বিতরণ করার কথা থাকলেও প্রায় ২শ জন বাকী থাকতেই চাউল শেষ হয়ে যায়। পরে ওই ২শ জনকে চাউল দেয়া সম্ভব হয়নি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পোছেছি। পরে ভোক্তভুগীদের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান জেসমিন নাহার রাণীকে আটক করে থানায় হস্তান্তর করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও চৌকিদার আকবর আলীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল চেয়ারম্যান জেসমিন নাহার রাণীকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তবে, তার বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ এখন পর্যন্ত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।