ময়মনসিংহে জেএমবি’র ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

ময়মনসিংহে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ এর সক্রিয় ২ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আনাম আলী (২৪) পিতা মোস্তফা ও মো. ইউসুফ আলী পিতা মোসলেম উদ্দিন। দুজনই মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধায় ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ওই দিন, শুক্রবার বিকাল ৫ টায় ময়মনসিংহ নগরীর চড়পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি মো. তফিকুল আলম বলেন, নগরীর চড়পাড়া এলাকায় আত্মগোপনে থেকে গোপনে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনত এবং এইসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয়ে জেএমবি সমর্থক ও সক্রিয় সদস্য হয়ে উঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্ভুদ্ধ হয়।

তিনি বলেন, বিভিন্ন সময় এলাকায় জেএমবির নেতৃত্বদানকারী ব্যক্তির সহায়তায় নাশকতামূলক কর্মকান্ড বাস্তবায়নের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত এবং দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল বলে স্বীকার করেন তারা।

এএসপি মো. তফিকুল আলম বলেন, দুজনই তালিকাভোক্ত জঙ্গি সদস্য। গ্রেফতারকৃতদের মুক্তাগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।