শাহজালালে যাত্রীর জুসার ও সাউন্ড বক্সের ব্যাটারিতে ৫ কেজি স্বর্ণ!

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আগত এক যাত্রীর জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া গেছে। যার ওজন পাঁচ কেজি ২০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় তিন কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস হাউজ ঢাকার ‘এ শিফট’ আজ শনিবার দুপুর ১২টায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে বিজি-৪১৩৬ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় জেদ্দা থেকে আগত বিজি ৪১৩৬ ফ্লাইটের যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়।

তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে এর ভেতরে থাকা দুটি জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন পাঁচ কেজি ২০০ গ্রাম।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান মো. সোলাইমান।