রাকসুর ভোটগ্রহণ শেষ, গণনা শুরু সন্ধ্যা ৬টা থেকে

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণে উল্লেখযোগ্য কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন তাদেরকে ৪টার পরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক জানান, কত শতাংশ ভোট পড়েছে তা পরে নির্বাচন কমিশন জানাবে।

রাকসু নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি-জামায়াতের অবস্থান
রাকসু নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি-জামায়াতের অবস্থান
বিস্তারিত পড়ুন
ভোট গণনা সম্পর্কে অধ্যাপক পারভেজ বলেন, ‘গণনা শুরুর নির্ধারিত সময় ৫টা থাকলেও তা পিছিয়ে ৬টায় শুরু করা হবে।’

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানান, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। নয়টি ভবনে শেষ হওয়া ভোটগ্রহণের পর ব্যালট বাক্সসমূহ মিলনায়তনে আনা হবে।

ভোট গণনার জন্য ব্যালটগুলো ১০০টি করে বান্ডেলে ভাগ করা হবে এবং এসব বান্ডেলের ভোট ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে, যা তদারকি করবেন একটি বিশেষজ্ঞ প্যানেল। তিনটি ধাপে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে।

প্রত্যেকটি হলের ফলাফল একটির পর একটি গণনা করা হবে এবং সব মিলিয়ে ২৮৩টি পদের চূড়ান্ত ফলাফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।