মহানবীকে নিয়ে কটুক্তির ঘটনায় আনসার সদস্যকে মারধর-বিক্ষোভ

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় বাবুল মিয়া (৫০) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুজামন্ডপে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে, মাদরাসা শিক্ষার্থী ও উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল করে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আটক বাবুল মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের নোয়াব আলীর ছেলে ও খন্ডকালিন আনসার সদস্য।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে এই বিক্ষোভ মিছিল করে মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদী জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই আনসার সদস্যকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ৪ দিন আগ  আনসার সদস্য বাবুল মিয়া মহানবীকে (সা.) নিয়ে তার নিজ এলাকা উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে কটুক্তি করেন। এ ঘটনাটি প্রচার হলে আজ মঙ্গলবার ওই আনসার সদস্যকে কলসিন্দুর বাজারে পেয়ে কটুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে মাদরাসার শিক্ষার্থীরা। এতে তর্কে জড়ান আনসার সদস্য বাবুল মিয়া। এনিয়ে এক পর্যায়ে মাদরাসার শিক্ষার্থীরা তাকে হালকা মারধর করে কলসিন্দুর মাদরাসায় আটকে রাখে।

এ ঘটনায় মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদী জনতার মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসাইন এবং ওসি আল মামুন সরকার। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উত্তেজিত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে পরিস্থি শান্ত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই আনসার সদস্যকে থানায় নিয়ে আসা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এতে বিজিবি, সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও এবং ওসিকে সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সেই সঙ্গে চলমান চলমান দুর্গাপূজার উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি দলীয় ভাবেও নেতাকর্মীদের নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বর্তমানে অভিযুক্ত থানা হাজতে আটক আছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।