পেছালো জুলাই সনদ স্বাক্ষরের তারিখ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান বুধবারের (১৫ অক্টোবর) পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এর আগে, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে।

বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া এতে আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের।